২২ বছর পর শেষ হচ্ছে জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’
দুই দশকের বেশি সময় ধরে বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম, বিয়ে ও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের সাক্ষী থাকা জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’ বন্ধ করার ঘোষণা দিয়েছেন নির্মাতা ও উপস্থাপক করণ জোহর। দীর্ঘ ২২ বছরের যাত্রার পর অনুষ্ঠানটির নবম মৌসুমই হতে চলেছে এর শেষ মৌসুম। আগামী ১৪ অক্টোবর থেকে জিওহটস্টারে এই শেষ অধ্যায়ের সম্প্রচার শুরু হবে।
২০০৪ সালের ১৯ নভেম্বর স্টার ওয়ার্ল্ডে প্রথম প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। প্রথম পর্বের অতিথি ছিলেন শাহরুখ খান ও কাজল। দীর্ঘ আটটি মৌসুমে এখন পর্যন্ত মোট ১৬১টি পর্ব প্রচার করা হয়েছে। প্রথম দিকে অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল তারকাদের প্রথাগত সিনেমার প্রচারণামূলক সাক্ষাৎকারের বাইরে গিয়ে তাঁদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, সম্পর্ক এবং সহকর্মীদের নিয়ে খোলামেলা মতামত জানার সুযোগ তৈরি করা। বিশেষ করে ‘র্যাপিড ফায়ার’ পর্বটি দ্রুত দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
দীর্ঘ এই যাত্রায় বলিউডের প্রায় সব প্রজন্মের বড় তারকারাই করণের সোফায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। অমিতাভ বচ্চন, আমির খান, সালমান খান, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে আলিয়া ভাট পর্যন্ত অনেকেই এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। করণের প্রশ্ন করার ধরন এবং অতিথিদের কাছ থেকে নানা তথ্য বের করে আনার কৌশল অনুষ্ঠানটিকে প্রতিটি পর্বে আলাদা আলোচনায় নিয়ে আসত।
বিনোদনের পাশাপাশি অনুষ্ঠানটি বিভিন্ন সময়ে বিতর্কেরও জন্ম দিয়েছে। এর মধ্যে ২০১৯ সালে ষষ্ঠ মৌসুমের একটি পর্বে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের মন্তব্য নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এ ছাড়া বলিউডের স্বজনপ্রীতি নিয়ে কঙ্গনা রনৌতের সঙ্গে করণের কথোপকথন এবং তারকাদের নানা ব্যক্তিগত মন্তব্য বারবার খবরের শিরোনাম হয়েছে। টেলিভিশন থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি পরবর্তীতে ২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+ হটস্টারে স্থানান্তরিত হয়।
অনুষ্ঠানটি শেষ করার সিদ্ধান্তের পেছনে নিজস্ব সৃজনশীল পরিকল্পনার কথা জানিয়েছেন করণ জোহর। তিনি জানান, জীবনের পরবর্তী দশকে তিনি পরিচালনা ও নতুন গল্প বলার দিকে মনোযোগ দিতে চান। জনপ্রিয়তার ঘাটতি নয়, বরং নিজের চলচ্চিত্র নির্মাণ ক্যারিয়ারে পূর্ণ সময় দেওয়ার জন্যই ভারী মনে এই জনপ্রিয় শো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ১৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নবম মৌসুমের চূড়ান্ত অতিথি তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।








