‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত হরগঙ্গার মেয়ে জীম
১৫৯

মুন্সিগঞ্জ, ১ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

নারী ও শিশুর অধিকার, সাইবার নিরাপত্তা, শিশুদের অংশগ্রহণ এবং লিঙ্গসমতা নিয়ে কাজ করে ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী আসমাউল হুসনা জীম।

চলতি বছর সরকারি হরগঙ্গা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়া জীম আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের Child Participation, Digital Safety ও Gender Equality—এই তিনটি গুরুত্বপূর্ণ থিমে মনোনয়ন পেয়েছেন।

ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত জীমের সামাজিক কার্যক্রমে যুক্ত হওয়ার অনুপ্রেরণাও এসেছে সাংস্কৃতিক চর্চা থেকেই।

আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক, অভিনয়, রচনা, কুইজ ও গল্প বলাসহ বিভিন্ন বিষয়ে অংশ নিয়ে তিনি এ পর্যন্ত ১০টি জাতীয় পুরস্কার ও দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।

মাত্র ১১ বছর বয়সে The Startup IO Foundation-এর Teen-X প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লিড হিসেবে দায়িত্ব নেন জীম। ২০২৫ সাল থেকে আন্তর্জাতিক সংস্থা State of Youth-এর বাংলাদেশের একটি চ্যাপ্টারের চ্যাপ্টার লিডার হিসেবেও কাজ করছেন তিনি।

নারী ও শিশুদের সামাজিক অধিকার প্রতিষ্ঠা, সাইবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এবং শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কাজ করাই জীমের কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

তার উদ্যোগ ও নেতৃত্বে বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন সচেতনতামূলক সেমিনারের মাধ্যমে ৩৫ হাজারের বেশি শিশু শিশু অধিকার ও ইন্টারনেট নিরাপত্তা সম্পর্কে সচেতন হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া নিরাপদ অ্যালায়েন্স আয়োজিত যুব সমাবেশের মাধ্যমে ২০ হাজারের বেশি শিশু সরকারি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছে। শিশুদের অধিকার, অংশগ্রহণ এবং সুরক্ষা বিষয়ে তথ্যপ্রাপ্তির ক্ষেত্রেও তার কার্যক্রমের প্রভাব রয়েছে।

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিশ্বজুড়ে শিশুদের অধিকার রক্ষা ও উন্নয়নে অসামান্য অবদান রাখা শিশু-কিশোরদের স্বীকৃতি দিতে দেওয়া হয়। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা KidsRights Foundation এই পুরস্কারের প্রবর্তক। শিশু অধিকার, বাল্যবিয়ে প্রতিরোধ, যুদ্ধ ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু এবং অধিকারবঞ্চিত শিশুদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে সাহসী ও কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসমাউল হুসনা জীমের এই মনোনয়ন তার সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের পাশাপাশি শিশু অধিকার নিয়ে কাজের আন্তর্জাতিক স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ