মুন্সিগঞ্জে রেললাইনের পাশে পড়েছিল অজ্ঞাত বৃদ্ধ নারীর মরদেহ
মুন্সিগঞ্জ, ১ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে রেললাইনের পাশে এক অজ্ঞাত বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিমতলা এলাকায় রেললাইনের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকার খবর পায় সিরাজদিখান ফায়ার স্টেশন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রেললাইন পারাপারের সময় ওই নারী দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। এ ঘটনায় তার বাম পা কেটে গেছে।
পরে আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহটি জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রেললাইন পারাপারের সময় সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।
রেললাইন পার হওয়ার আগে ডানে-বামে ভালোভাবে দেখে নেওয়া, রেললাইনের ওপর অযথা বসে থাকা বা হাঁটাচলা থেকে বিরত থাকা এবং রেললাইনে চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে রেলওয়ের সিগন্যাল ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।







