সিডনিতে জেমস ও রূপমের কনসার্টে দুই বাংলার রকপ্রেমীদের মিলনমেলা
সিডনিতে গাইছেন জেমসআকাশ দে
৪০

গিটারের ঝংকার, চেনা গানে সম্মিলিত কণ্ঠ আর মুহুর্মুহু হর্ষধ্বনিতে শনিবার সন্ধ্যায় সিডনির হিলসং কনভেনশন সেন্টার হয়ে উঠেছিল দুই বাংলার রকপ্রেমীদের মিলনমেলা। নগরবাউল জেমস ও কলকাতার ফসিলস ব্যান্ডের রূপম ইসলামকে একই মঞ্চে দেখতে সেখানে জড়ো হয়েছিলেন দুই হাজারের বেশি দর্শক। দুই শিল্পীর পরিবেশনায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উচ্ছ্বাসে মেতেছিলেন প্রবাসী বাঙালিরা।

মিলনায়তনের বাইরে দর্শকদের দীর্ঘ সারি থাকায় নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টার বদলে আয়োজন শুরু হয় সাড়ে ছয়টার দিকে। রাত সাতটার কিছু আগে মঞ্চে এসে ‘হাসনুহানা’, ‘একলা ঘর’, ‘অ্যাসিড’সহ প্রায় ১৫টি গান পরিবেশন করেন রূপম ইসলাম। সোয়া এক ঘণ্টার প্রাণবন্ত পরিবেশনায় শুরু থেকেই দর্শকদের মাতিয়ে রাখেন তিনি এবং তাঁর সঙ্গে গলা মেলানোর পাশাপাশি করতালি ও হর্ষধ্বনিতে সাড়া দেন দর্শকেরা।

রূপম ইসলামের পরিবেশনা শেষে সংক্ষিপ্ত বিরতি পেরিয়ে রাত পৌনে নয়টার দিকে মঞ্চে দেখা দেন নগরবাউল জেমস। ‘দুষ্টু ছেলের দল’, ‘মীরাবাঈ’, ‘তারায় তারায়’, ‘সুন্দরীতমা’ থেকে হিন্দি গান ‘ভিগি ভিগি’—একের পর এক জনপ্রিয় গানে সুর মেলায় দুই হাজারের বেশি কণ্ঠ। মঞ্চের জেমস আর দর্শকসারির শ্রোতারা তখন এক অভিন্ন গানের দল হয়ে ওঠেন।

জেমসের কণ্ঠে প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘মা’ গানটি শুরু হতেই মিলনায়তনের আবহ হঠাৎ বদলে যায়। কিছুক্ষণ আগেও যাঁরা গানের তালে মেতে ছিলেন, মুহূর্তেই নীরব হয়ে যান তাঁরা এবং আবেগঘন গানটির প্রতিটি পঙ্ক্তি গভীর মনোযোগে শোনেন। তবে দর্শকসারি থেকে ‘বাবা’ গানটি গাওয়ার অনুরোধ করা হলেও সেটি জেমসের পরিবেশনার তালিকায় ছিল না।

গানের পাশাপাশি আয়োজনজুড়ে ছিল উৎসবের আবহ এবং মিলনায়তনের উন্নত শব্দব্যবস্থা ও আলোকসজ্জা পরিবেশনাগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে। বাইরে দেশীয় খাবারের স্টল ঘিরে জমে ওঠে প্রবাসী বাঙালিদের আড্ডা এবং কনসার্টের এক পর্যায়ে বেঙ্গলি সিনে ক্লাবের পক্ষ থেকে সহযোগী ও পৃষ্ঠপোষকদের মঞ্চে ডেকে কৃতজ্ঞতা জানানো হয়।

কনসার্ট শেষে সিডনির বাসিন্দা তালাত মাহমুদ দীর্ঘদিন পর এমন গোছানো আয়োজনের প্রশংসা করেন। আরেক দর্শক অনিতা বিশ্বাস বলেন, জেমস যখন তারায় তারায় আর ভিগি ভিগি গাইছিলেন, তখন মনে হচ্ছিল পুরো হল এক হয়ে গেছে। এছাড়া আয়োজকদের অন্যতম তানিম মান্নান দর্শকদের অভূতপূর্ব সমর্থনের জন্য ভবিষ্যতে আরও এ ধরনের আয়োজন করার আগ্রহ প্রকাশ করেন।

এর আগে ২০২৪ সালে ভারতের একটি কনসার্টে একসঙ্গে গান করেছিলেন জেমস ও রূপম। এবার সিডনিতে তাঁদের সাক্ষাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কনসার্টটি ঘিরে আগ্রহ আরও বেড়ে যায়। শনিবার রাতে দুই বাংলার দুই তারকার পরিবেশনায় অবশেষে পূর্ণতা পায় প্রবাসী সংগীতপ্রেমীদের সেই অপেক্ষা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ