শিমুলিয়া ঘাটে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার পরিদর্শন ডিআইজির
ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে বাড়ী ফেরা নিশ্চিত করার লক্ষ্যে বুধবার মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ৮টি সিসি ক্যামেরা, পুলিশ ও র্যাবের অস্থায়ী ক্যাম্প ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। এছাড়া মুন্সীগঞ্জ জেলা পুলিশসহ শিমুলিয়া ফেরিঘাট, বাস টার্মিনাল ও মাওয়া এলাকায় বিশেষ নিরাপত্তার লক্ষ্যে মোতায়েন করা হয়েছে পাচঁ শতাধিক পুলিশ।
আর এসব কার্যক্রম প্রত্যক্ষ করতে বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা বিভাগের পুলিশের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান শিমুলিয়া ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন।
পুলিশের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, যাত্রীদের নিরাপদে বাড়ী পৌঁছতে পারে, সেই লক্ষ্যে শিমুলিয়া ঘাটে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এতে করে গুরুত্বপূর্ন এ নৌরুটের যাত্রী সাধারণ নির্বিঘ্নে বাড়ী ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, নৌ-পুলিশ সুপার (পশ্চিম জোনের) জোবায়েদ আহম্মেদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও র্যাব কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।









