নোংরা পরিবেশে খাবার বানানো হয় মুন্সিগঞ্জের চিজি বান্সে, জরিমানা করলো ভোক্তা অধিকার
25

মুন্সিগঞ্জ, ২১ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহিপাড়া এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ফ্রিজে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল রাখার দায়ে ‘চিজি বান্স’ নামের একটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত সিপাহিপাড়া চৌরাস্তা এলাকায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ দুপুরে সিপাহিপাড়া চৌরাস্তা এলাকার চিজি বান্স রেস্টুরেন্টে মনিটরিং করা হয়। এ সময় দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেখানে রান্না করা খাবার উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে। এছাড়া রেস্টুরেন্টের ফ্রিজে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ চিজ পাওয়া যায়। একই সাথে রান্নাঘরের ডাস্টবিন উন্মুক্ত অবস্থায় রাখা এবং কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো সাবানের ব্যবস্থা না থাকার প্রমাণ মেলে।

এসব অপরাধে রেস্টুরেন্টটির মালিক জাহেদ হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর ই আলম সোহাগ এবং ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জের একটি চৌকস টিম।

জনস্বার্থে এই ধরনের তদারকিমূলক অভিযান ও সচেতনতা কার্যক্রম জেলাজুড়ে অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ