মুন্সিগঞ্জ পৌরসভার কর বৃদ্ধি: ‘সস্তা জনপ্রিয়তা নয়—বাস্তব উন্নয়নে গুরুত্ব’ দেওয়ার কথা বললেন এমপি রতন
1

মুন্সিগঞ্জ, ২৩ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

‘সময়মত পৌরকর ও পানির বিল পরিশোধ করুন, পৌরসভার উন্নয়নে সহযোগিতা করুন’—এই স্লোগানে মুন্সিগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের তিন দিনব্যাপী পৌর কর মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় মুন্সিগঞ্জ পৌর শিশু পার্ক সংলগ্ন অস্থায়ী পৌর ভবনে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

মুন্সিগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন, সস্তা জনপ্রিয়তার জন্য জনগণকে বিভ্রান্ত না করে বাস্তব উন্নয়নের পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, দুই-একটি ব্যানার নিয়ে কিছু মানুষকে সঙ্গে নিয়ে ‘পৌর কর মাফ করো’—এ ধরনের দাবি তুলে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করা ঠিক নয়।

তিনি বলেন, যারা জনপ্রতিনিধি হতে চান, তাদের জনগণকে বলতে হবে—নির্বাচিত হলে উন্নয়নের কাজগুলো কীভাবে করবেন? অর্থ কোথা থেকে আসবে? উন্নয়ন কি কারও ব্যক্তিগত সম্পত্তি থেকে করা সম্ভব? জনগণের ট্যাক্স ও সরকারি বরাদ্দের মাধ্যমেই উন্নয়ন করতে হয়।

তিনি আরও বলেন, সস্তা জনপ্রিয়তার রাজনীতি থেকে মুন্সিগঞ্জবাসীকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে পৌর কর যেন মানুষের ওপর অতিরিক্ত চাপ না হয়ে যায়, সে বিষয়েও খেয়াল রাখতে হবে।

এমপি রতন বলেন, মুন্সিগঞ্জ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। জনগণের প্রতিনিধি হিসেবে করদাতাদের স্বার্থ বিবেচনায় নিয়ে সহনীয় পর্যায়ে পৌর কর ব্যবস্থা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, আমরা জনগণের প্রতিনিধি। যারা কর দেন, তারাও আমাদের ভাই। তাদের সামর্থ্যের বিষয়টি বিবেচনা করেই সব সিদ্ধান্ত নিতে হবে।

তিন দিনব্যাপী এ পৌর কর মেলায় পৌরসভার করদাতাদের কর পরিশোধে উৎসাহিত করা হচ্ছে এবং পৌরসভার বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ