মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হতে চান ইসমাইল বেপারী মিদুল
মুন্সিগঞ্জ, ৭ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আসন্ন জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ইসমাইল বেপারী মিদুল।
জানা যায়, ২০২৩ সালের ২৯ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নির্দেশনায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বার্তায় ইসমাইল বেপারী (মিদুল)-কে মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
মিদুল মুন্সিগঞ্জ পৌরসভার চর শিলমন্দি এলাকার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সংগঠনকে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন।
প্রার্থীতা প্রসঙ্গে মিদুল বলেন, দল যদি আমাকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেয়, তাহলে মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলকে একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করব।
তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে আমার অগ্রাধিকার।
স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের একটি অংশ মনে করেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ে সক্রিয়তার কারণে সাধারণ সম্পাদক পদে ইসমাইল বেপারী (মিদুল) একজন শক্ত প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
তবে একই পদে আরও কয়েকজন প্রার্থীর নামও শোনা যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রদল শিগগিরই মুন্সিগঞ্জ জেলা কমিটি ঘোষণা করতে পারে।
নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন কমিটির মাধ্যমে মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে।





