প্রায় ৫০ লাখ টাকা ব্যায়ে খনন হবে হোসেন্দি খালের দুই কিলোমিটার, উদ্বোধনে মন্ত্রী
মুন্সিগঞ্জ, ৭ মে ২০২৬, আজিজুল হক পার্থ, গজারিয়া (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী এমপি।
আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় হোসেন্দি খালের দুই কিলোমিটার এলাকা খনন হবে। এতে ব্যায় হবে ৪৯ লাখ ৭৫ হাজার ৯৫৫ টাকা।
এসময় গণমাধ্যমকর্মীদের মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর পুনরায় খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। একই সঙ্গে এ কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষি কাজে সহায়তা এবং মৎস্য চাষের সুযোগ বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। এটি শুধু একটি কর্মসূচি ছিল না, বরং একটি আন্দোলন ও বিপ্লব। আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুনভাবে সেই কার্যক্রম শুরু করেছি, যা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন করা গেলে নতুন বাংলাদেশ গড়ে উঠবে।
এর আগে মন্ত্রী উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া এলাকায় কাজলী নদী খননের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় শিল্পকারখানার বর্জ্যে নদী ভরাট হয়ে যাওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ মুবিনুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।





