মুন্সিগঞ্জে ৫ ও ২ লিটারের সয়াবিন তেলের বোতলে দেয়া হচ্ছিল কম, ৭৫ হাজার টাকা জরিমানা
মুন্সিগঞ্জ, ১৯ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলায় বোতলজাত সয়াবিন তেল পরিমাপে কারচুপি ও পণ্য মোড়কজাতকরণে অনিয়মের দায়ে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতলগুলো জব্দ করে ধ্বংস করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির ফর্টিফাইড সয়াবিন তেলের পরিমাপ যাচাই করে বিভিন্ন আকারের বোতলে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল পাওয়া যায়। এর মধ্যে ৫ লিটারের বোতলে ১৫০ মিলিলিটার, ২ লিটারের বোতলে ৫০ মিলিলিটার এবং ১ লিটারের বোতলে ৪০ মিলিলিটার তেল কম ছিল।
এ ছাড়া পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন সনদ ছাড়াই ফর্টিফাইড সয়াবিন তেল মোড়কজাত ও বিক্রি করার বিষয়টি শনাক্ত করা হয়।
এসব অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতলগুলো জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।
এ সময় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান কে. এম. হানিফ এবং সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম উপস্থিত ছিলেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মেট্রোলজি পরিদর্শক মো. হাফিজুর রহমান।
বিএসটিআই জানিয়েছে, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন ও বিক্রি, পরিমাপে কম দেওয়া, অবৈধভাবে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণে অনিয়ম প্রতিরোধে এ ধরনের মোবাইল কোর্ট ও নজরদারিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।








