মুন্সিগঞ্জে রমজানের মধ্যেও থেমে নেই ধর্ষণ, শিশু ধর্ষণের ঘটনায় বৃদ্ধ আটক
[addtoany]
122

মুন্সিগঞ্জ, ১৪ মে, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনা পরিস্থিতি আর পবিত্র রমজান মাসেও থেমে নেই ধর্ষণের ঘটনা। গত কয়েকদিনে জেলায় ৩ টি ধর্ষণের ঘটনা ঘটে।

এদিকে আজ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। স্থানীয় একটি পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তাদের সাত বছর বয়সী একটি শিশুকে ধর্ষণ করে সে ঐ বৃদ্ধ।

বৃহস্পতিবার (১৪ মে) ধর্ষণকান্ড ঘটানোর পর শ্রীনগরের উত্তর বালাসুর গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধ অভিযুক্ত সিরাজ বেপারী নিজে উল্টো থানায় চাঁদাবাজির মামলা করতে গিয়ে ফেঁসে যান। ধর্ষণের অভিযোগ থেকে নিজেকে বাঁচাতে মিথ্যা মামলা করতে তিনি থানায় গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‍“৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কিছু লোকের বিরুদ্ধে মামলা করতে সকালের দিকে থানায় আসেন সিরাজ। তার দাবি, চাঁদা না দেওয়ায় তার নামে এলাকায় কুৎসা রটাচ্ছে অভিযুক্তরা। সব শুনে সন্দেহ হলে আমরা এলাকায় গিয়ে তদন্ত করি।”

প্রাথমিক তদন্তে জানা যায়, স্থানীয় একটি পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তাদের সাত বছর বয়সী একটি শিশুকে ধর্ষণ করে সে। সন্দেহ হলে এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ করে। যার পরিপ্রেক্ষিতে সে থানায় এসে উল্টো অভিযোগকারীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করতে চেয়েছিল, জানান ওসি।

প্রমাণস্বরূপ তার কাছ থেকে একটি ভিডিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।