মুন্সিগঞ্জে মাদকের টাকার জন্য মা’কে হত্যা, পুত্রের আমৃত্যু কারাদণ্ড
মুন্সিগঞ্জ, ১৪ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে মাদকের টাকার জন্য মা জাহানারা বেগমকে (৬০) কুপিয়ে হত্যার দায়ে পুত্র শরীফ রতনকে (৩২) আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার মুন্সিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ, ১ম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এই রায় দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর এলাকায় মাদক সেবনের জন্য মা জাহানারা বেগমের কাছে টাকা দাবি করে ছেলে জাহান শরীফ রতন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে সে ধারালো বটি দিয়ে উপর্যুপরি কোপ মেরে মাকে হত্যা করে। এ সময় ছোট বোন মনি আক্তার মা’কে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে।
ঘটনার পর স্থানীয়রা পুলিশকে জানালে তারা উপস্থিত হয়ে অভিযুক্ত রতনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং আহত মনি আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ সদর থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন নিহতের আরেক ছেলে ও আসামির ভাই জাহিদ হাসান স্বপন।
পরে আদালতে মা’কে হত্যার স্বীকারোক্তি দেন গ্রেপ্তারকৃত রতন।
মামলায় সাক্ষ্য, ফরেনসিক রিপোর্ট ও সাক্ষীদের জবানবন্দিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় বলে জানান আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেন।





