মুন্সিগঞ্জে মাজার থেকে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার
179

মুন্সিগঞ্জের সদর উপজেলার ভিটিশিল মন্দির এলাকায় বারেকের ন্যাংটার মাজার থেকে দুই নারীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে লাশ দু’টি উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।

নিহতদের একজন হলেন- মাজারের নারী খাদেম আমেনা বেগম (৬০)। অপর নারী তাইজুন খাতুন (৪৫) ঢাকার বাসিন্দা। তিনি আমেনাকে খালা বলে ডাকতেন। মঙ্গলবার তিনি মাজারে এসেছিলেন।

সদর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়। সকালে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

সকাল ১০টার দিকে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে সদ্য ব্যবহার করা কনডম উদ্ধার করেছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার আগে নারীদের ধর্ষণ করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্তকাজ শুরু হয়েছে। পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর রয়েছে।’

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাজারটি একটি টিনশেড ঘরের মধ্যে। সামনে একটি সাইনবোর্ড রয়েছে। সেখানে লেখা আছে, ‘হযরত শাহ সুলেমান লেংটা বাবার (পাগল) দিলু লেংটা’র মাজার। স্থানীয়দের কাছে এটি ‘বারেক ন্যাংটা’র মাজার হিসেবে পরিচিত। সাইনবোর্ডে মাজারের খাদেম হিসেবে ‘মাসুদ লেংটা’র নাম উল্লেখ রয়েছে।

মাজারের খাদেম মোহাম্মদ মাসুদ খান জানান, আমেনা ও তাইজুন রাতে এক কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে তাদের ডাকতে এসে গলা কাটা লাশ দেখতে পান তিনি। এরপর পুলিশে খবর দেন।

মাসুদ খান আরও জানান, আমেনার স্বামী বারেক লেংটার নামে এই মাজার। আমেনা মাজারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।