মুন্সিগঞ্জে বৃষ্টিতে মাটি সরে খালে ধসে পড়েছে সেতু
মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে বৃষ্টিপাত ও স্রোতের পানিতে মাটি সরে ধসে পড়েছে চরকেওয়ার ইউনিয়নের রজতরেখার শাখা খালের উপর নির্মিত সংযোগ সেতু।
আজ শুক্রবার দুপুর ৩টার দিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খাসকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে গেছে খাসকান্দি-নলবুনিয়াকান্দি গ্রামের কয়েক হাজার মানুষের সড়ক যোগাযোগ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কয়েকবছর আগে খাসকান্দি কবরস্থানের পাশে রজতরেখার শাখা খালের উপর সেতুটি নির্মাণ করা হয়েছিলো। এটি দিয়ে স্থানীয় খাসকান্দি-নলবুনিয়া কান্দি এলাকার ২ থেকে আড়াই হাজার মানুষ নিয়মিত যাতায়াত করতো। গত কয়েকদিন ধরে এলাকায় টানা বৃষ্টি চলছে। শুক্রবার দুপুরে হঠাৎ সেতু উত্তর পাশের এপ্রোচ সড়কের নিটের মাটি সরে গেলে ধসে পড়ে প্রায় ১৫-২০ফুট দৈর্ঘ্যের সেতুটি। এতে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে দুই গ্রামবাসী।
স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন শাকিল জানান, সেতুটি এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। হঠাৎ ভেঙে পড়ায় সবার ভোগান্তি হচ্ছে। দ্রুত এ বিষয়ে উদ্যোগ নেয়া প্রয়োজন।
এবিষয়ে একাধিকবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান জানান, বিষয়টি অবগত ছিলাম না। এ বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।









