মুন্সিগঞ্জে বৃত্তি পেয়েছে ৮৪২ শিক্ষার্থী, বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সেরা ইয়াজউদ্দিন
মুন্সিগঞ্জ, ১২ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
প্রকাশিত হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। এ ফলাফলে মুন্সিগঞ্জ জেলায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ৮৪২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩৬১ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪৮১ জন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা ভিত্তিক ফলাফলে মুন্সিগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ২৭৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১১৫ জন এবং সাধারণ গ্রেডে ১৬০ জন।
সিরাজদিখান উপজেলায় মোট ১৩৯ জনের মধ্যে ট্যালেন্টপুলে ৬৪ জন ও সাধারণ গ্রেডে ৭৫ জন, শ্রীনগর উপজেলায় মোট ১৩৩ জনের মধ্যে ট্যালেন্টপুলে ৫৫ জন ও সাধারণ গ্রেডে ৭৮ জন, টংগিবাড়ী উপজেলায় মোট ১০৬ জনের মধ্যে ট্যালেন্টপুলে ৪৬ জন ও সাধারণ গ্রেডে ৬০ জন, লৌহজং উপজেলায় মোট ৯৮ জনের মধ্যে ট্যালেন্টপুলে ৪৪ জন ও সাধারণ গ্রেডে ৫৪ জন এবং গজারিয়া উপজেলায় মোট ৯১ জনের মধ্যে ট্যালেন্টপুলে ৩৭ জন ও সাধারণ গ্রেডে ৫৪ জন বৃত্তি অর্জন করেছে।
এদিকে জেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে ইয়াজউদ্দিন। প্রতিষ্ঠানটি থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৫ জন বৃত্তি লাভ করেছে। তাদের মধ্যে ৫ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
এই সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি মুন্সিগঞ্জ জেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফ উল্ল্যাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।









