মুন্সিগঞ্জে বিজয় দিবস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মুন্সিগঞ্জ ২২ ডিসেম্বর, ২০১৯, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে বিজয় দিবস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে জেলার টংগিবাড়ী উপজেলার কামারখাড়া মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্ধোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করছে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ‘আমার বিক্রমপুর’।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভূতু, থানার ভারপাপ্ত কর্মকর্তা শাহ মোঃ আওলাদ হোসেন, মুজিবুর টিম্বার্সের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান সরদার।
সংগঠনের সভাপতি আবু বক্কর হিরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম শেখের তত্বাবধানে আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা অনিক হালদার, সংগঠনের রিয়াদ হোসাইন, বিপ্লব হালদার, কাদির হালদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি মোস্তাফিজ বলেন, ‘যেসব তরুনরা ক্রীড়া চর্চার সাথে যুক্ত থাকে তারা কখনো মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিংয়ের সাথে জড়িত হতে পারে না। ক্রীড়াচর্চার মধ্য দিয়ে একদিকে তরুণদের শারীরিক সুস্থতা বজায় থাকবে অন্য দিকে সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধ হবে। তাই প্রত্যেক কিশোর-তরুণকে ক্রীড়াচর্চার বিষয়ে সচেতন হতে হবে।’
এদিকে একই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় দুই শতাধিক দুঃস্থ অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।





