মুন্সিগঞ্জে বজ্রপাতে একদিনে প্রাণ গেল ৩ জনের
মুন্সিগঞ্জ, ১৬ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী ও সিরাজদিখান উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় একদিনে তিনজনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ও বিকেলে এসব ঘটনা ঘটে।
টংগিবাড়ী উপজেলায় দুটি পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়। স্বজনরা জানান, উপজেলার আড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন রিজান ঢালী (১৬)। গুরুতর অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন রাকিব (২২)। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. নুরে আলম সিদ্দিকী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সিরাজদিখান উপজেলায় বজ্রপাতে আব্দুল আজিজ মৃধা (৬৫) নামে এক আইসক্রিম বিক্রেতার মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ মৃধা উপজেলার কাঁঠালতলী গ্রামের মৃত আমিনুদ্দিন মৃধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় আইসক্রিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আইসক্রিম বিক্রি শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে তিনি রাস্তার পাশের একটি গাছের নিচে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতের শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।
টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, মরদেহগুলো সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

