মুন্সিগঞ্জে পুলিশ সেজে ডাকাতির চেষ্টাকালে যুবক আটক
মুন্সিগঞ্জ, ২২ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে পুলিশ সেজে সড়কের উপর চেক পোষ্ট বসিয়ে ডাকাতি চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এসময় সাথে থাকা অন্তত ৬ জন পালিয়ে গেছে।
আটক জহিরুল ইসলাম (৩৬) ওরফে কানা জহির মুন্সিগঞ্জ সদরের কালিরচর এলাকার বাসিন্দা। সে ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বুধবার রাত দশটার দিকে টংগিবাড়ী-হাসাইল সংযোগ সড়কের সিদ্ধেশ্বরী জোড়া ব্রীজ এলাকায় পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে অটো সিএনজি থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি করছিলো ৭ যুবক।
সেসময় থানা পুলিশের টহল গাড়ি লোকজনের সমাগম দেখে থামলে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয়রা ডাকাতিতে অভিযুক্তদের ধাওয়া দেয়। এসময় ৬ জন পালিয়ে গেলেও একজনকে স্থানীয়দের সহায়তায় আটক করতে সক্ষম হয় পুলিশ।
টংগিবাড়ী থানার উপ-পরিদর্শক আল মামুন এসব তথ্য নিশ্চিত করে জানান, ডাকাতির উদ্দেশ্যে তারা যাত্রীবাহী গাড়ি থামিয়ে তল্লাশি করছিলো। আটক ব্যক্তি সক্রিয় ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।









