মুন্সিগঞ্জে পুলিশের সহায়তায় অটোরিকশায় ফেলে যাওয়া ২৬ হাজার টাকা ফেরত পেলেন মালিক
৪৬

মুন্সিগঞ্জ, ২৬ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে অটোরিকশায় ফেলে যাওয়া ২৬ হাজার টাকাসহ একটি ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন অটোরিকশাচালক শরীফ ইসলাম।

আজ সোমবার সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জের সিপাহীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টংগিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের মিলন বালা সিপাহীপাড়া মোড়ে অটোরিকশা থেকে নামার সময় অসাবধানতাবশত ২৬ হাজার টাকাসহ একটি ব্যাগ গাড়িতে ফেলে চলে যান। পরে অটোরিকশাচালক শরীফ ইসলাম ব্যাগটি দেখতে পেয়ে প্রকৃত মালিককে খুঁজতে থাকেন। তবে মালিককে খুঁজে না পেয়ে তিনি মুক্তারপুর ট্রাফিক দায়িত্বে নিয়োজিত এটিএসআই হাবিবুর রহমানকে বিষয়টি জানান।

পরে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে।

জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় ব্যাগের প্রকৃত মালিক মিলন বালাকে শনাক্ত করা হয়।

প্রয়োজনীয় প্রমাণ যাচাই শেষে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম মিলন বালার হাতে টাকাসহ ব্যাগটি বুঝিয়ে দেন।

হারানো ব্যাগ ও ২৬ হাজার টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র অক্ষত অবস্থায় ফিরে পেয়ে অটোরিকশাচালক শরীফ ইসলাম এবং মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মিলন বালা।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপদে-আপদে যেকোনো সময় বাংলাদেশ পুলিশ জনগণের পাশে রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ