মুন্সিগঞ্জে পুকুরে গোসলে নেমে প্রাণ গেছে ৮ বছরের শিশুর, জানতো না সাঁতার
38

মুন্সিগঞ্জ, ৭ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৫০ মিনিট পর জিতনী (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ২ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, লালবাড়ী এলাকায় জিতনী নামে এক শিশু পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে।

তিনি জানান, দুপুর ২টা ৫০ মিনিটে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করা হলেও তখন সে মারা গেছে। পরে মরদেহটি প্রয়োজনীয় আইনগত কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জিতনী সাঁতার জানত না। তার বাবা আব্দুল জলিল পেশায় একজন শ্রমিক। তারা লালবাড়ী এলাকায় মো. করুনার বাড়িতে ভাড়া থাকতেন। পরিবারের স্থায়ী বাড়ি শেরপুর জেলায়।

জিতনী শেরপুর সদর উপজেলার চরসাপমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। মাত্র দুই দিন আগে বাবা-মায়ের সঙ্গে শেরপুর থেকে লালবাড়ীতে আসে সে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ