মুন্সিগঞ্জে দিনেদুপুরে প্রবাসীর ঘরের দরজা ভেঙে চুরি
198

মুন্সিগঞ্জ, ১৯ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের দূর্গাবাড়ি এলাকায় বসতঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিদেশী কসমেটিকস চুরির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গতকাল রোববার দুপুরে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সৌদি আরব প্রবাসী রাসেল হাওলাদার (৪৩)।

তিনি জানান, গত ১১ মে বিকালে ভাড়া বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মুক্তারপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান তিনি। পরদিন দুপুর আড়াইটার দিকে বাড়িওয়ালা ফোন দিয়ে জানান, ঘরটির তালা ভাঙ্গা এবং দরজা খোলা। পরে বাড়ি ফিরে দেখেন ঘরের সব আসবাবপত্র ও জিনিসপত্র এলেমেলো করা। ঘরে থাকা দুইটি আলমারি ও দুইটি ওয়্যারড্রপের তালা ভাঙ্গা এবং আলমারি ও ওয়্যারড্রপের জিনিসপত্র এলোমেলো করা। এসময় খুঁজে দেখা যায়, আলমারিতে থাকা নগদ অনুমান এক লাখ ৩০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকার বিদেশী কসমেটিকস চুরি হয়ে গেছে। পরবর্তীতে বাড়ীর নিচে সিসি ক্যামেরা চেক করে দেখা যায়, ১২ মে দুপুর অনুমান সাড়ে ১২ টার দিকে বাড়ি তালাবদ্ধ থাকার সুযোগে অজ্ঞাতনামা এক চোর এ ঘটনা ঘটায়।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত অফিসার বিষয়টি খতিয়ে দেখছেন।