জাতীয় কারাতে প্রতিযোগিতায় ডাবল স্বর্ণ জিতেছে মুন্সিগঞ্জের হরগঙ্গার ছাত্র তামিম হাসান
মুন্সিগঞ্জ, ৯ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
বাংলাদেশ কারাতে ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ–২০২৬-এ কাতা ও কুমিতে—দুই ইভেন্টেই স্বর্ণপদক অর্জন করে মুন্সিগঞ্জের জন্য গৌরব বয়ে এনেছেন তরুণ কারাতে খেলোয়াড় তামিম হাসান।
জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় একই সঙ্গে দুটি স্বর্ণপদক জিতে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
গত ৭ ও ৮ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীর চন্দনকোঠা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী বাংলাদেশ কারাতে ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ–২০২৬।
প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলা কারাতে একাডেমির ১৪ জন প্রতিযোগী অংশ নিয়ে মোট ২৬টি পদক অর্জন করেন। এর মধ্যে ৮টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১০টি তাম্রপদক রয়েছে।
এর মধ্যে তামিম হাসান কাতা ও কুমিতে—উভয় ইভেন্টে প্রথম স্থান অর্জন করে দুটি স্বর্ণপদক জেতেন।
মুন্সিগঞ্জ জেলা কারাতে একাডেমির হয়ে জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক অর্জনকারী একমাত্র খেলোয়াড় তিনি।
তামিম হাসান মুন্সিগঞ্জ শহরের খালইস্ট এলাকার বাসিন্দা। তিনি সরকারি হরগঙ্গা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি নিয়মিত কারাতে অনুশীলন করে আসছেন তিনি।
নিজের এই অর্জন প্রসঙ্গে তামিম হাসান বলেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় কাতা ও কুমিতে উভয় ইভেন্টে স্বর্ণপদক অর্জন করতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতে আরও ভালো করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মুন্সিগঞ্জের প্রতিনিধিত্ব করতে চান তিনি।
তামিমের এই সাফল্যে উচ্ছ্বসিত মুন্সিগঞ্জ জেলা কারাতে একাডেমির সংশ্লিষ্টরা।
তাদের প্রত্যাশা, কঠোর অনুশীলন ও পরিশ্রমের মাধ্যমে তামিম ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবেন এবং মুন্সিগঞ্জের নাম জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবেন।









