মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে অ্যাম্বুলেন্স উল্টে রোগীসহ ৪ জন আহত
মুন্সিগঞ্জ, ৯ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পেছনের চাকা ব্লাস্ট হয়ে একটি অ্যাম্বুলেন্স উল্টে রোগীসহ চারজন আহত হয়েছেন।
আজ রোববার বিকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রোববার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ চারজন আহত ব্যক্তিকে উদ্ধার করে।
পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি একজন রোগীকে নিয়ে ঝিনাইদহ থেকে ঢাকার কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে যাচ্ছিল। পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে পেছনের একটি চাকা ব্লাস্ট হলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় অ্যাম্বুলেন্সটি উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। অ্যাম্বুলেন্সে চালক, রোগী ও স্বজনসহ মোট পাঁচজন ছিলেন।
দুর্ঘটনায় আহতরা হলেন—জমিরউদ্দীন আনসারী (৫৩), শহিদুল ইসলাম (৪৫), তারজিন জাহান (৫০) ও সাদিকা আনসারী (১২)।
তাদের সবার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোলামনগর এলাকায়।









