মুন্সিগঞ্জে জমি কিনেও দখলে নিতে গিয়ে বেকায়দায় প্রবাসী
119

মুন্সিগঞ্জ, ২৭ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের মামারদুল এলাকায় জমি ক্রয়ের পরও দখলে যেতে না পারার অভিযোগ তুলেছেন ইমরান দেওয়ান নামের এক সিঙ্গাপুর প্রবাসী। তাঁর দাবি, বৈধভাবে জমি কেনার পরও স্থানীয় প্রতিবেশীদের বাধার কারণে তিনি জমিটি ভোগদখলে নিতে পারছেন না।

অভিযোগ সূত্রে জানা যায়, ইমরান দেওয়ান সম্প্রতি জীবন মন্ডল নামে এক ব্যক্তির কাছ থেকে তাঁর বসতবাড়ির পাশের আরএস ৫৭৬ ও ৫৭৮ নম্বর দাগে ৪ দশমিক ৩৩ শতাংশ জমি ক্রয় করেন। একই সঙ্গে আরএস ৫৫৪ ও ৫৫৭ নম্বর দাগের ৯ শতাংশ লিজকৃত জমিও তাঁর কাছে হস্তান্তর করা হয়। জমি ক্রয়ের পর সীমানা নির্ধারণ করে দখলে যাওয়ার উদ্যোগ নিলে স্থানীয় কয়েকজন প্রতিবেশী এতে বাধা দেন বলে অভিযোগ ওঠে।

আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে দেখা যায়, ইমরান দেওয়ান শ্রমিক নিয়ে জমিতে টিনের বাউন্ডারি দেওয়ার চেষ্টা করছেন। এ সময় প্রতিপক্ষের লোকজন এসে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেয়। পাশাপাশি বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির জন্য থানায় গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ইমরান দেওয়ান বলেন, “আমি নিয়ম মেনে জমি কিনেছি। কিন্তু প্রতিবেশীরা আমাকে দখলে যেতে দিচ্ছে না। আমি এর সঠিক বিচার চাই।”

অন্যদিকে, অভিযুক্ত পক্ষের অনিক চন্দ্র মন্ডলের ছেলে বলেন, “এটি আমার চাচা জীবন মন্ডলের জমি ছিল। তারা আমাদের না জানিয়ে ইমরান দেওয়ানের কাছে বিক্রি করেছেন। ওই জমিতে আমাদের বসতঘর ও একটি মন্দির রয়েছে। আমরা বাজারমূল্যে জমিটি কিনতে চাইলেও তা দেওয়া হয়নি। এখন যেভাবে বাউন্ডারি দেওয়া হচ্ছে, তাতে আমাদের ঘরে যাতায়াতের পথ বন্ধ হয়ে যাবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টির স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, সরেজমিনে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ