মুন্সিগঞ্জে ছেলের মামলায় কারাগারে মা
মুন্সিগঞ্জ, ১৮ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামের সোহাগ শেখের দায়ের করা মামলায় তার মা ও নানিকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
বুধবার (১৮ জুন ) দুপুরে ওই দুই নারীসহ অপর এক বৃদ্ধা জামিন আবেদন করলে আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জিয়াউর রহমান দুই নারীর জামিন নামঞ্জুর করে বৃদ্ধা নানার জামিন আদেশ দেন।
ওই আদালতের বেঞ্চ সহকারি ইমরান হোসেন সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে মুন্সিগঞ্জ আমলি আদালত-৪ এ মা , নানা ও নানীর বিরুদ্ধে তার বাবার টাকা ও স্বর্ণালংঙ্কার চুরির অভিযোগ এনে সিআর মামলা দায়ের করেন সোহাগ শেখ।
মামলার এজাহারে সোহাগ শেখ অভিযোগ করেন, তার বাবা দির্ঘদিন যাবৎ মালয়েশিয়া প্রবাসী। তার বাবা বিদেশ থেকে বিগত কয়েকমাস আগে বাড়িতে ফিরে তাদের স্টিলের আলমারিতে ১৪ লক্ষ টাকা, ১২ লক্ষ টাকার স্বর্ণালংকার ও মালয়েশিয়ান রিঙ্গিত এনে বাড়িতে রাখলে তার মা ও নানা-নানী মিলে বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংঙ্কার চুরি করে নিয়ে যান।
এদিকে ভুক্তভোগী মায়ের অভিযোগ, তার স্বামী মালয়েশিয়া হতে ফিরে তার কাছে প্রবাস হতে পাঠানো দীর্ঘদিনের টাকার হিসাব চান। হিসাব ঠিকমত দিতে না পারায় হাত-পা বেধেঁ উলঙ্গ করে তাকে পিটিয়ে বাড়ি হতে বের করে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেন।
ওই নারী আরও বলেন, আমি ইচ্ছা করলে আমার স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করতে পারতাম, কিন্তু আমার ছেলে-মেয়ে বাবার সাথে থাকায় আমি তা করিনি। আমার স্বামী আমার ছেলেকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে।





