মুন্সিগঞ্জে ঘুরতে এসে অটো উল্টে আহত জার্মান নাগরিক
মুন্সিগঞ্জ, ২২ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ঘুরতে এসে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে ড্যানিয়েল নামে এক জার্মান নাগরিক আহত হয়েছেন। তার বাম হাতের কনুইয়ের নিচে আঘাত লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন।
পরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে তিনি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ড্যানিয়েলসহ ছয়জন জার্মান নাগরিক মুন্সিগঞ্জ সদরে বেড়াতে আসেন। তারা ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে ঘুরছিলেন। পথে অটোরিকশাটি উল্টে গেলে ড্যানিয়েল আহত হন। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার চিকিৎসা দেন।
সঙ্গে থাকা অন্য পাঁচ জার্মান নাগরিকও এ সময় তার পাশে ছিলেন।
স্থানীয়রা জানান, বিদেশি পর্যটকদের দলটি অত্যন্ত আন্তরিক ও বন্ধুসুলভ আচরণ করছিলেন। দুর্ঘটনার পরও তারা শান্ত থেকে আহত ড্যানিয়েলের চিকিৎসার ব্যবস্থা করেন।
চিকিৎসা শেষে ড্যানিয়েল তার গন্তব্যে ফিরে যান।









