আড়িয়াল বিল: কৃষকদের সঙ্গে সরাসরি কথা বললেন ডিসি, তেল সরবরাহ নিশ্চিতের আশ্বাস
8

মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের আড়িয়াল বিল এলাকায় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

আজ মঙ্গলবার সকালে তিনি বিল এলাকায় গিয়ে সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন ধান কাটার মৌসুম সামনে রেখে প্রস্তুতির খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় তিনি বিশেষভাবে হারভেস্টার মেশিন পরিচালনায় জ্বালানির প্রাপ্যতা নিয়ে কৃষকদের অভিজ্ঞতা জানতে চান। চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মাঠপর্যায়ে কোনো সমস্যা হচ্ছে কি না, তা সরাসরি যাচাই করেন।

এ সময় কৃষকরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার প্রত্যয়ন নিয়ে তারা সহজেই প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন। এখন পর্যন্ত জ্বালানি পেতে কোনো ধরনের হয়রানি বা জটিলতার মুখে পড়তে হয়নি বলেও তারা উল্লেখ করেন।

কৃষকরা আরও বলেন, ধান কাটার মৌসুম ঘনিয়ে আসায় সময়মতো জ্বালানি পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক থাকায় তারা স্বস্তি প্রকাশ করেন এবং এ জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী কৃষকদের আশ্বস্ত করে বলেন, ধান কাটার মৌসুমে যাতে কোনো ধরনের জ্বালানি সংকট না হয়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কৃষকদের চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে এবং কৃষিকাজ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ের বাস্তব সমস্যা জানতে নিয়মিত এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে, যাতে দ্রুত সমাধান দেওয়া যায়।