মুন্সিগঞ্জের সিরাজদিখানে ব্যক্তি মালিকানাধীন জমি দখলের চেষ্টা, কাটা হলো শতাধিক বাঁশ
মুন্সিগঞ্জ, ২৫ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের চিকনেসার গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে রাতারাতি শতাধিক বাঁশ কেটে নিয়ে গেছেন স্থানীয় জাকির হোসেন নামের এক ব্যক্তি।
ভুক্তভোগী মো. লিটন খান জানান, তিনি প্রায় ৭০ শতাংশ জমির মালিক। এর মধ্যে প্রায় এক বছর আগে তিনি জাকির হোসেনের কাছে সাড়ে ৫২ শতাংশ জমি বিক্রি করেন। তবে অবশিষ্ট সাড়ে ১৭ শতাংশ জমি এখনও তার নিজ মালিকানায় রয়েছে।
লিটন খানের অভিযোগ, শুক্রবার জাকির হোসেনের নেতৃত্বে একদল লোকজন তার অবশিষ্ট জমিতে প্রবেশ করে। এ সময় তারা জমিতে থাকা প্রায় ২৫০টির বেশি বাঁশ কেটে ফেলে জমিটি দখলের চেষ্টা করে। খবর পেয়ে ছুটে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। বাঁশ কাটায় তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘আমি যে জমি বিক্রি করেছি, তার বাইরে আমার নিজস্ব জমি রয়েছে। কিন্তু জাকির হোসেন তার ক্রয়কৃত জমির সীমানা অতিক্রম করে অতিরিক্ত জায়গা দখলের চেষ্টা করছেন। পরিকল্পিতভাবে আমার জমির বাঁশ কেটে নিয়ে যাওয়া হয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত জাকির হোসেনের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
স্থানীয়রা বলছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। অন্যথায় জমি নিয়ে বিরোধ আরও বড় সংঘর্ষে রূপ নিতে পারে।
এ ঘটনায় সিরাজদিখান থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
থানা পুলিশ জানায়, অন্যের মালিকানাধীন জমি জোরজবরদস্তি করে দখল বা ক্ষতিসাধনের অধিকার কারও নেই। এ বিষয়ে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।





