মুন্সিগঞ্জের সিরাজদিখানে সড়কের ওপর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১
মুন্সিগঞ্জ, ১৩ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সড়কের পাশে উদ্ধার হওয়া এক বৃদ্ধের মরদেহের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় একটি ডাম্প ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় ব্যবহৃত ডাম্প ট্রাকটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন ইয়াসিন শেখ (২০)। তিনি সিরাজদিখান উপজেলার খিদিরপুর এলাকার মজিবর শেখের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার (১১ জুলাই) বিকেল তিনটার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী এলাকায় ফজলু চেয়ারম্যানের প্রকল্পের সামনে সড়কের পাশে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির একটি পা ভাঙা ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।
পরবর্তীতে নিহতের পরিচয় শনাক্ত করা হলে জানা যায়, তিনি নুরুল ইসলাম (৬৫)। তিনি সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চর গুলগুলিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। পেশায় তিনি মিশুক (ব্যাটারিচালিত অটোরিকশা) চালক ছিলেন।
তদন্তে পুলিশ জানতে পারে, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে নুরুল ইসলাম মিশুক চালিয়ে কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া আন্ডারপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ডাম্প ট্রাকের চালক তাকে হাসপাতালে নেওয়ার কথা বলে গাড়িতে তুলে লতব্দী এলাকায় এনে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যান বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পায় পুলিশ।
এরপর পুলিশ দুর্ঘটনাকবলিত মিশুকটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় সংরক্ষণ করে। একই সঙ্গে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়।
সোমবার (১৩ জুলাই) ভোর ৬টা ৪৫ মিনিটে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকা থেকে ডাম্প ট্রাকের চালক ইয়াসিন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্ঘটনায় ব্যবহৃত ঢাকা মেট্রো-ট ১২-৪৩১৪ নম্বরের ডাম্প ট্রাকটি লতব্দী ইউনিয়নের ইকো সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে থেকে উদ্ধার করে জব্দ করা হয়।
সিরাজদিখান থানার পুলিশ জানায়, এ ঘটনায় সড়ক পরিবহন আইন ও দণ্ডবিধির ২০১ ধারাসহ সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।








