মুন্সিগঞ্জের শ্রীনগরে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়িতে চুরি, মালামালসহ গ্রেপ্তার ৪
মুন্সিগঞ্জ, ৬ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাকিয়া কামাল মুনের বাড়িতে চুরির ঘটনায় চার সদস্যের একটি পেশাদার চোরচক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার দামলা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ।
পরে জেলা পুলিশের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেপ্তাররা হলেন—দামলা কাজী অফিস এলাকার আলমগীর শেখের ছেলে মো. সামির শেখ (২২), দামলা এলাকার স্বপন মীরের ছেলে মো. শরীফ মীর (২৫), জসুরগাঁও এলাকার ওয়াহিদুজ্জামানের ছেলে রফিকুল ইসলাম (৩৫) এবং শ্যামসিদ্দি এলাকার মৃত হায়দার দেওয়ানের ছেলে ফিরোজ (৪৫)। তারা সবাই শ্রীনগর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, বাদী রিটন মিয়া অভিযোগ করেন, গত ২৮ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে যেকোনো সময় তার মালিক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাকিয়া কামাল মুনের বাড়ি থেকে প্রায় ৩ লাখ ৫২ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি হয়। অভিযোগ পাওয়ার পর শ্রীনগর থানার এসআই রিপন আহম্মেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে একটি আইপিএস ব্যাটারি, একটি আইপিএস মেশিন, দুটি ফ্যান এবং একটি প্রজেক্টর উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং চুরির ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।









