মুন্সিগঞ্জের আলদি বাজারে কাঠবোঝাই ট্রেইলর ট্রাক ঢুকে গেল দোকানের ভেতর
মুন্সিগঞ্জ, ১০ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আলদি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে কাঠবোঝাই একটি ট্রাক নির্মাণ সামগ্রী বিক্রির দোকানে ঢুকে গেছে। এতে দোকানটিতে থাকা মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ রোববার ভোর ৪টার দিকে সিপাহীপাড়া-দিঘিরপাড় সড়কের আলদি বাজারের দক্ষিণ পাশে মোল্লা ট্রেড সেন্টারে এ ঘটনা ঘটে।
কাঠবোঝাই ট্রাকটি মুন্সিগঞ্জের সিপাহীপাড়া সড়ক হয়ে দিঘিরপাড়ের মজিবর টিম্বার্সের উদ্দেশ্যে যাচ্ছিলো।
দোকানের পরিচালক নাঈম মোল্লা দুপুর পৌনে ১২টার দিকে জানান, ঘটনার সময় দোকানের ভেতর কেউ ছিলেন না। তাই কোন মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভেতরে থাকা আমাদের মূল্যবান টাংকি, ইত্যাদি ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে। পরে আমরা কাঠ যেখানে নিয়ে যাওয়া হচ্ছিলো দিঘিরপাড়ের মজিবর সরদারের সাথে যোগাযোগ করি। তিনি ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।
বর্তমানে আরেকটি ট্রাক এনে ট্রাকটি সরানোর কাজ চলছে।
পার্শ্ববর্তী দোকানদার ও কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শ্যামল গাজি বলেন, সকালে ফজরের নামাজের সময় ঘটনাটি ঘটে। শুনে আমি দুই মিনিটের মধ্যে দৌড়ে আসি। এসে দেখি ভারি কাঠ বোঝাই ট্রেইলর ট্রাকটি দোকানের ভেতরে। সাথে সাথে বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে বিদ্যুৎ বন্ধের অনুরোধ জানাই।





