ভ্যাট প্রত্যাহার: বৃহস্পতিবারও মাঠে থাকবে ইস্টওয়েস্টের শিক্ষার্থীরা
ভ্যাট প্রত্যাহারের দাবিতে সাড়ে ৫ ঘণ্টা অবরোধের পর রাস্তা ছেড়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আবারও অবরোধের ডাক দিয়েছেন তারা।
বুধবার রাত ৯টা ২০মিনিটে অবরোধ তুলে নিয়ে রামপুরা ব্রিজের কাছে মূল সড়ক থেকে সরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা।
৭.৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে বুধবার ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তাঁরা রামপুরার আফতাবনগর ঢোকার মুখ অবরোধ করে রাখেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মারুফ রহমান বলেন, পুলিশের ছররা গুলিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল রেজিস্ট্রার মাহফিকুর রহমানসহ অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ শিক্ষার্থী মুন্নি, রাশেদ, শামীম, সানি, ইয়াসিরসহ আহত ২০ শিক্ষার্থীকে ফরাজি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল রেজিস্ট্রার মাহফিকুর রহমানের শরীরে ৬/৭টি ছররা গুলি লাগায় তাকে ইউনাউটেড হাসপাতালে পাঠায় বনশ্রী ফরাজি হাসপাতালের চিকিৎসকরা।
বিবিএ একাদশ সেমিস্টারের ছাত্র মো. রায়হান বলেন, আমরা আমাদের ন্যায্য দাবিতে অনড়। তবে পুলিশের অনুরোধ এবং জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে সড়ক ছেড়ে দিয়েছি।
বৃহস্পতিবার আন্দোলনের ব্যাপারে জানতে চাইলে কাকন বিশ্বাস বলেন, আমরা কাল বৃহস্পতিবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হব। ৭.৫% ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত এবং আজকের বিক্ষোভে শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
কাকন বিশ্বাস আরও জানান, কাল দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানানো হয়েছে। তিনি দাবি করেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এ আহ্বানে সাড়া দিয়েছে।
গুলশান বিভাগের ডিসি মোশতাক আহমেদ বলেন, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন তৈরি করে। এ কারণে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়, কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি।
পুলিশ কিছু ফাঁকা রাবার বুলেট ছুড়েছিল জানিয়ে বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, শিক্ষার্থীদের ছোড়া ইটপাটকেলে ১০/১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
প্রক্টর অনিন্দিতা পল জানিয়েছেন, এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ঘোষণা করা হয়েছে।





