প্রশাসক কাপ ফুটবল: মুন্সিগঞ্জ ফুটবল একাডেমিকে হারালো গ্রীন ওয়েল ফেয়ার
মুন্সিগঞ্জ, ২৪ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
জুলাই পুনর্জাগরণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জের মিরকাদিমে শুরু হয়েছে প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট।
আজ রোববার বিকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান।
উদ্বোধনী ম্যাচে মুন্সিগঞ্জ ফুটবল একাডেমিকে ১-০ গোলে পরাজিত করে জয় পেয়েছে মিরকাদিমের গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার ক্লাব। মোট ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে ইউএনও মাহবুবুর রহমান বলেন, ‘ফুটবল খেলা শুধু বিনোদন নয়, এটি একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনের হাতিয়ার। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই খেলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে। ফুটবল প্রচলনের মাধ্যমে সমাজ থেকে অপশক্তি ও নাশকতামূলক কর্মকাণ্ড দূর করা সম্ভব। একই সঙ্গে বাল্যবিবাহ, সন্ত্রাস ও মাদকসহ সব ধরনের সামাজিক অভিশাপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে খেলাধুলার চর্চা সবচেয়ে বড় সহায় হয়ে উঠবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সহকারি কমিশনার মারজানা আক্তার, হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু বকর সিদ্দিক এবং মিরকাদিম পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ কে এম বজলুর রশীদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।





