ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে- এমপি আব্দুস সালাম আজাদ
মুন্সিগঞ্জ, ১৯ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
আজ শনিবার সকাল ১০টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘৌড়দৌড় পদ্মাবতী পার্ক ও বাজার এলাকায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ উপলক্ষে আয়োজিত লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ সময় অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে নিজেদের ঘরবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত সচেতনতা ও উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কর্মসূচিতে ঘৌড়দৌড় পদ্মাবতী পার্ক ও বাজার এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও ফগার মেশিন বিতরণ করা হয়।
লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।









