‘চাঁদাবাজি করেন আকাশ’-অভিযোগ উঠায় তদন্ত করবে ছাত্রদল, ‘শৃঙ্খলা ভঙ্গে’ দিলো শোকজ
মুন্সিগঞ্জ, ২৮ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান আকাশের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রহণযোগ্য প্রমাণসহ লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
২৮ সেপ্টেম্বর সন্ধায় দেওয়া নোটিশে বলা হয়, জেলা ছাত্রদলের অন্তর্ভুক্ত রামপাল ডিগ্রি কলেজ শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে আহসান আকাশের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, নোটিশ প্রাপ্তির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে গ্রহণযোগ্য প্রমাণসহ জেলা বিএনপি কার্যালয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।
জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান জামাল ও সাধারণ সম্পাদক মো. রোমান হোসেন এ নির্দেশনা দিয়েছেন। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. নিপু হোসেনের স্বাক্ষরে ওই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এদিকে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বক্তব্য দিয়েছেন আহসান আকাশ। ওই ভিডিও বক্তব্যে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, অভিযোগের সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই।
তবে জেলা ছাত্রদলের নোটিশে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা উল্লেখ করা হলেও চাঁদাবাজির অভিযোগের বিস্তারিত কোনো তথ্য নোটিশে উল্লেখ করা হয়নি। অভিযোগের বিষয়ে আহসান আকাশের লিখিত জবাব এবং পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্তের পর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রসঙ্গত; সোমবার মুন্সিগঞ্জ প্রেসক্লাবে জেলার সাংবাদিকদের সাথে ‘মিট দ্য প্রেস’ কর্মসূচি করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। ওই অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক আবু সাঈদ দেওয়ান সৌরভ বেশ কয়েকজন নারীর অভিযোগের বরাতে মিরকাদিম এলাকায় আকাশের বিরুদ্ধে চাঁদাবাজি ও এমপিপত্নী নুর-ই-জান্নাত রোশনীর প্রতিনিধি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ করেন। পরে সংসদ সদস্য রতন বিষয়টি উপস্থিত জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান জামাল ও সাধারণ সম্পাদক মো. রোমান হোসেনকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সন্ধ্যায় শোকজের চিঠি ইস্যু করে ছাত্রদল।









