কাল শনিবার থেকে মুন্সিগঞ্জ-ঢাকা লঞ্চ রুটের ভাড়া ১০ টাকা বৃদ্ধি, নতুন ভাড়া ৮০ টাকা
20

মুন্সিগঞ্জ, ৮ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে এবার নৌপথের যাত্রী ভাড়ায়ও। আগামীকাল শনিবার (৯ মে) থেকে মুন্সিগঞ্জ-ঢাকা লঞ্চ রুটে জনপ্রতি ভাড়া ১০ টাকা বাড়ানো হচ্ছে। ফলে এতদিনের ৭০ টাকার পরিবর্তে যাত্রীদের গুনতে হবে ৮০ টাকা।

লঞ্চ মালিকপক্ষ ও সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানিয়েছেন, সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় পরিচালন ব্যয় অনেক বেড়ে গেছে।

ডিজেল, লুব্রিকেন্ট, স্টাফ খরচসহ বিভিন্ন ব্যয় সামাল দিতে ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার বিকালে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে কথা হয় চাঁদপুর থেকে ঢাকাগামী অগ্রদূত প্লাস লঞ্চ কতৃপক্ষের সাথে। নতুন ভাড়ার বিষয়টি যাত্রীদের মাঝে জানাচ্ছিলেন তিনি।

এদিকে ভাড়া বৃদ্ধিতে মুন্সিগঞ্জ-ঢাকা রুটে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

মুন্সিগঞ্জ থেকে নিয়মিত ঢাকায় যাতায়াত করা বেসরকারি চাকরিজীবী রাকিব হোসেন বলেন, সবকিছুর দামই বাড়তেছে। এখন যাতায়াতে খরচও বাড়লো। প্রতিদিন যাওয়া-আসা করলে মাস শেষে বড় চাপ পড়ে।

কলেজ শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, লঞ্চে যাতায়াত তুলনামূলক আরামদায়ক হওয়ায় আমরা এটা ব্যবহার করি। তবে হঠাৎ করে ভাড়া বাড়ানোয় শিক্ষার্থীদের জন্য কিছুটা সমস্যা হবে।

অন্যদিকে কয়েকজন যাত্রী মনে করেন, জ্বালানি তেলের দাম বাড়লে ভাড়া কিছুটা বাড়তেই পারে। তবে তারা সেবার মান আরও উন্নত করার দাবি জানান।

লঞ্চ মালিক সমিতির দায়িত্বশীল জুয়েল চৌধুরী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে প্রতিদিন অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। আগের ভাড়ায় লঞ্চ পরিচালনা কঠিন হয়ে পড়েছিল। তাই সরকারের নির্দেশনা সামনে রেখে সামান্য ভাড়া সমন্বয় করা হয়েছে।

মালিক সমিতির দায়িত্বশীলরা বলেন, মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত নৌপথের দূরত্ব আনুমানিক ২৫–৩০ কিলোমিটারের মধ্যে ধরা হয়।

সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, অভ্যন্তরীণ নৌপথে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৯৫ পয়সা। আর ১০০ কিলোমিটারের বেশি হলে প্রতি কিলোমিটারে ২ টাকা ৫২ পয়সা। সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা।

সে হিসাবে মুন্সিগঞ্জ-ঢাকা রুটে সরকারি হিসাবে সম্ভাব্য ভাড়া দাঁড়াতে পারে আনুমানিক ৭৫ থেকে ৮৮ টাকার মধ্যে। তাই ৮০ টাকা ভাড়া নতুন সরকারি কাঠামোর মধ্যেই পড়ে বলে সংশ্লিষ্টরা দাবি করছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ