করোনা: মুন্সিগঞ্জে এলাকার রাস্তা বন্ধ করায় যুবককে মারলো মাদক ব্যবসায়ীরা
মুন্সিগঞ্জ, ৯ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে নিজেদের উদ্যোগে এলাকার রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের পূর্ব দেওভোগের গোসাইবাড়ির এলাকাবাসীর উপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (৮ এপ্রিল) রাত ৮ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলায় মাসুদ মুন্সী (৩০) রানা (২৮) রাজু (৩৮) সহ ৪ জন আহত হয়েছে।
আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শিরা জানান, করোনা প্রার্দুভাব বিস্তার রোধে এলাকায় বহিরাগতদের প্রবেশ ঠেকাতে এলাকাবাসীর উদ্যোগে রাস্তায় যানবাহন চলাচল ও অযথা ঘুরাফেরা বন্ধে রাস্তা আটকে দিয়ে লকডাউন করা হয়েছিলো। এটা এলাকার মাদক কারবারী ও সন্ত্রাসীদের ভালো লাগ নি। তাই মাদক সেবনকারী ও বিক্রেতারা মিলে এলাকাবাসীর উপরে সন্ত্রাসী হামলা চালিয়ে কয়েকজনকে ব্যাপক মারধর করে। এসময় রানাদের বাড়ীতে ঢুকে লুটপাটের ঘটনাও ঘটায় মাদক-সন্ত্রাসী বাহিনী।
এ ঘটনায় আলেক চান মোল্লার ছেলে রুবেলকে প্রধান করে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত রানা বলেন, এলাকার সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশ ও যানচলাচল বন্ধ করে দেয়া হয়। এটা এলাকা চিহিত মাদক ব্যবসায়ীদের ভালো লাগেনি তাই এই হামলা চালিয়েছে।
হামলার বিষয়টি নিশ্চিত করে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই বিল্লাল জানান, হামলার খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





