কক্সবাজার থেকে সেভেনআপের বোতলে ভরে মুন্সিগঞ্জে নিয়ে আসেন ৩৮’শ পিস ইয়াবা, গ্রেপ্তার ২
মুন্সিগঞ্জ, ১০ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় সেভেনআপের খালি প্লাস্টিকের বোতলের ভেতরে লুকিয়ে কক্সবাজার থেকে আনা ৩ হাজার ৮০০ পিস ইয়াবা সরবরাহ করতে এসে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকার নতুন রাস্তার মোড়ের উত্তর পাশে সজীব টেলিকমের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কেকেপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম ওরফে সোহাগ (৩৮) এবং বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা মিন্টু মিয়া (২৩)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি ইশতিয়াক আশফাক রাসেল এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় জেলার মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।
অভিযানকালে নুরুল ইসলাম ওরফে সোহাগের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের অংশে গুঁজে রাখা কালো স্কচটেপে মোড়ানো দুটি ২৫০ মিলিলিটারের খালি সেভেনআপ প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। বোতল দুটি খুলে প্রতিটিতে ১ হাজার ৯০০ পিস করে মোট ৩ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নুরুল ইসলাম কক্সবাজার থেকে ইয়াবাগুলো এনে মিন্টু মিয়ার কাছে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। ইয়াবা হস্তান্তরের সময়ই ডিবি পুলিশের অভিযানে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।









