ঈদের পাঁচ দিনে পদ্মা সেতুতে টোল আদায় ১৭ কোটি টাকার বেশি, এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ১৩টি 
30

মুন্সিগঞ্জ, ১ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩০ মে পর্যন্ত সরকারি ছুটির পাঁচ দিনে পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে ১ লাখ ৬৩ হাজার ২২৫টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে ১৭ কোটি ১০ লাখ ৫ হাজার ৭৫০ টাকা টোল আদায় করা হয়েছে।

পদ্মা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, মোবাইল অ্যাপভিত্তিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থার মাধ্যমে ২ হাজার ১০৩টি যানবাহন সেতু পারাপার করেছে। এসব যানবাহন থেকে ৩৭ লাখ ২ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী ও সাইট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সাদ নিলয় জানান, ছুটির মধ্যে ২৬ মে ছিল সবচেয়ে ব্যস্ততম দিন। ওই দিন সেতু দিয়ে ৪৫ হাজার ৬৩২টি যানবাহন চলাচল করে এবং ৫ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়।

অন্যদিকে, ঈদের দিন (২৮ মে) ছিল যানবাহন চলাচল ও টোল আদায়ের দিক থেকে সবচেয়ে কম ব্যস্ত দিন। সেদিন ২০ হাজার ৮১৫টি যানবাহন সেতু পারাপার করে এবং ২ কোটি ৫ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়।

এদিকে ঈদের ছুটির পাঁচ দিনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় একজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। পাশাপাশি যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আজাদ বলেন, ঈদযাত্রা ও ঈদ-পরবর্তী সময়ে এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি ছিল। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ব্যবস্থাপনার ফলে বড় ধরনের যানজট বা দীর্ঘস্থায়ী ভোগান্তি সৃষ্টি হয়নি।

সংশ্লিষ্টদের মতে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম পদ্মা সেতুতে ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও সার্বিক ব্যবস্থাপনা ও তদারকির কারণে যাত্রীদের যাত্রা ছিল তুলনামূলকভাবে স্বস্তিদায়ক।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ