৪ অক্টোবর থেকে ২২ দিন মুন্সিগঞ্জের সকল নদীতে বালু তোলা নিষেধ ঘোষণা
মুন্সিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা’ হয়েছে মুন্সিগঞ্জে। সভার সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিন মুন্সিগঞ্জের সকল নদীতে যে কোন ধরনের বালু উত্তোলন সম্পূর্ণ নিষেধ ঘোষণা করা হয়েছে।
টাস্কফোর্স কমিটির সদস্য ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সভায় সিদ্ধান্ত হয়েছে ইলিশের ডিম ছাড়া ও প্রজননের জন্য আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, আনা-নেওয়া, বাজারজাত ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ে মুন্সিগঞ্জের মেঘনায় ইজারাকৃত বালুমহাল ছাড়াও জেলার আশপাশের সকল নদীতে বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা’ হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা জনাব মো. গোলাম মেহেদী হাসান, সেনাবাহিনীর প্রতিনিধি, কোস্টগার্ড প্রতিনিধিসহ মৎস্য-পেশাজীবিসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধান। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ অনলাইনে সভায় সংযুক্ত ছিলেন।
এছাড়াও সভায় মা ইলিশ সংরক্ষণে কঠোর নজরদারি এবং সচেতনতার বিষয়ে প্রচারণার দিকনির্দেশনা দেওয়া হয়।





