১৬ বছর পর বাংলাদেশের দর্শকদের হৃদয়-জয়ের অভিযানে রিয়াজ-রিয়া
দুটি সংখ্যা ১৬ ও ৭। জড়িয়ে গেছে তাদের দুজনের সঙ্গে। এই দুজনের নামের মধ্যেই শুধু মিল নেই, তারা মিলেছেন ক্যামেরার সামনেও। আর ভনিতা নয়। নাম বলছি দুজনের- রিয়াজ ও রিয়া।
২০০০ সালে তখনকার জনপ্রিয় নায়ক রিয়াজ ও ভারতের জনপ্রিয় নায়িকা রিয়া সেন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মনে পড়ে তোমাকে’ ছবিতে। ঈদে মুক্তি পেয়ে ছবিটি সাফল্য পায়িন। তবে ছবির গানগুলো ছিল হিট।
ছবি ফ্লপ হওয়ায় রিয়া সেন আর ঢাকামুখো হননি। ততদিনে ভারতে মোটামুটি পরিচিতি পেয়ে গেছেন রিয়া সেন। ঢাকায় ব্যস্ত সময় কাটতে থাকে রিয়াজের। এই ১৬ বছরে বদলে গেছে তাদের ক্যারিয়ার।
রিয়াজ এখন অনেকটাই বিশ্রামে বলা চলে। ২০১৫ সালে তার কোনো ছবি মুক্তি পায়নি। রিয়া ব্যস্ত আঞ্চলিক ফিল্ম ইন্ডাষ্ট্রিতে। রিয়াজের কামব্যাক ছবি ‘সুইটহার্ট’ মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি। অার রিয়া অভিনীত যৌথ প্রযোজনার ছবি ’হিরো ৪২০’ মুক্তি পাচ্ছে একই দিনে। তবে কলকাতায়। ঢাকায় ছবিটি ঢুকছে ১৯ ফেব্রুয়ারি।
এবার পাওয়া গেল ৭ এর রহস্য? ৭ দিনের ব্যবধানে ১৬ বছর পর বাংলাদেশের দর্শকদের হৃদয়-জয়ের অভিযানে একসাথে নামছেন রিয়াজ-রিয়া। নিশ্চিতভাবেই ভালোবাসার মাসটি দর্শকদের নষ্টালজিয়ায় কাটবে।
উল্লেখ্য, ‘সুইটহার্ট’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। অভিনয় করেছেন রিয়াজ, বাপ্পি ও মিম। ‘হিরো ৪২০’ পরিচালনা করেছেন সুজিত মন্ডল ও সৈকত নাসির। অভিনয় করেছেন রিয়া সেন, ওম ও ফারিয়া।


