৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:১৩
১১ দলীয় জোট: মুন্সিগঞ্জ-১ এ ইসলামী আন্দোলন, ২-এ এনসিপি ও ৩ আসন জামায়াতের
খবরটি শেয়ার করুন:
380

মুন্সিগঞ্জ, ১৫ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)​

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের মধ্যে প্রথম দফার আসন সমঝোতা সম্পন্ন হয়েছে।

তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য আসন চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতার বিষয়টিও।

জামায়াতে ইসলামী কোন কোন আসনে নির্বাচন করবে সেই বিষয়ে আনুষ্ঠানিক না জানালেও দলটির দায়িত্বশীল একটি সূত্র আসনগুলোর তালিকা দিয়েছে।

এতে দেখা গেছে, মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনটি ইসলামী আন্দোলনের জন্য রাখা হয়েছে। এখানে ইসলামী আন্দোলন থেকে ইতিমধ্যে মনোনয়ন সংগ্রহ ও বৈধ প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছেন কে এম আতিকুর রহমান।

মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনটি ঘোষণা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির জন্য। এখানে এনসিপি থেকে ইতিমধ্যে মনোনয়ন সংগ্রহ ও বৈধ প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছেন মাজেদুল ইসলাম।

অন্যদিকে, মুন্সিগঞ্জ-৩ আসনটি ঘোষণা করা হয়েছে জামায়াতে ইসলামীর জন্য। কিন্তু রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, এ আসনে জামায়াতে ইসলামীর কোন প্রার্থী মনোনয়ন জমা দেয়নি। ১১ দলীয় জোটের খেলাফত মজলিস থেকে মুফতি নুর হোসাইন নুরানি মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইয়ে তার প্রার্থীতা বাতিল অবস্থায় রয়েছে। আগামী ১৭ জানুয়ারি ইসিতে এ সংক্রান্ত আপিল শুনানি রয়েছে। এ আসনে ইসলামী আন্দোলন থেকে প্রার্থী রয়েছেন- সুমন দেওয়ান। শেষ পর্যন্ত এখানে ১১ দলীয় জোটের সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে নির্বাচনী ঐক্যের চূড়ান্ত ঘোষণা দেওয়ার জন্য রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ১০ দলের নেতারা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জোটের পক্ষ থেকে এ আসন সমঝোতার ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী— বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২ ও বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি ২।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা