হরমুজে ট্যাংকারে হামলা: ওমান কর কর্তৃক ২৫ ক্রু উদ্ধার
আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালির ওমান উপকূলের কাছে রিটি নামের একটি ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। ওমানের নৌবাহিনী হামলার শিকার সেই জাহাজটি থেকে ২৫ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করেছে।
ওমানের সামুদ্রিক জাহাজ চলাচল নিরাপত্তা সংস্থা ওমান মেরিটাইম সিকিউরিটি সেন্টারের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, পানামার পতাবাহী বাণিজ্যিক জাহাজ রিটি হরমুজ প্রণালির ওমান উপকূলের কাছ দিয়ে যাওয়ার সময় এই হামলার শিকার হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং ওমানি নৌবাহিনীর তৎপরতায় এর সব ক্রুকে উদ্ধার করা হয়।
জাহাজটি ড্রোন নাকি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টারের এক বিবৃতিতে জানানো হয়, উদ্ধার হওয়া নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, ‘রিটি’ একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার।
পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলের ওপর অবরোধ জারি করে ইরান। অবরোধ অমান্য করে চলাচলকারী জাহাজে ড্রোন বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে ইরানের অভিজাত শাখা আইআরজিসির সেনারা।
এদিকে শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, মার্কিন বাহিনী এই প্রণালির আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধান নৌপথগুলো থেকে ইরানের বসানো সামুদ্রিক মাইন সফলভাবে অপসারণ করেছে। হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো মুক্ত ও নিরাপদ রাখতে মার্কিন বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে অবশ্যই নির্ধারিত পথ ব্যবহার করতে হবে এবং তাদের যাত্রার বিষয়টি ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। ওমান উপকূলের কাছাকাছি দক্ষিণ দিকের পথটিকে ‘অননুমোদিত’ ঘোষণা করেছে তেহরান।









