২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৮:৩২
হরগঙ্গা কলেজ রেড ক্রিসেন্ট: ​১০০ নতুন স্বেচ্ছাসেবক বরণ, কৃতিত্বের স্বীকৃতি পেলেন ৩০ জন
খবরটি শেয়ার করুন:
195

মুন্সিগঞ্জ, ২৭ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ ইউনিট যুব রেড ক্রিসেন্ট শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

কলেজের উপাধ্যক্ষ এবং জেলা রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রায় ১০০ জন নতুন স্বেচ্ছাসেবককে বরণ করে নেওয়া হয় এবং কৃতকার্য ৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ জনাব কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. হালিম হোসেন এবং কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মইজুদ্দিন মোহাম্মদ জাকির।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরকারি হরগঙ্গা কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের ইনচার্জ মামুনুর রশিদ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট ইউনিটের সর্বপ্রথম দলনেতা জনাব হেলাল উদ্দিন আহমেদ এবং বর্তমান দলনেতা সাজ্জাদ হোসেন আপন।

​রেড ক্রিসেন্ট সূত্র জানায়, এই অনুষ্ঠানে ২০২৫-২৬ সেশনে সরকারি হরগঙ্গা কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটে যোগদান করা প্রায় ১০০ জন নতুন স্বেচ্ছাসেবককে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি, যারা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন, সেই ৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।

বক্তারা নবীন স্বেচ্ছাসেবকদের মানবসেবায় নিয়োজিত হওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান।