সৌদি আরবের সাথে মিল রেখে মুন্সিগঞ্জের ১৫ গ্রামে আজ ঈদ, তবে কুরবানি কাল
মুন্সিগঞ্জ, ২৭ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
সৌদি আরবের সাথে মিল রেখে মুন্সিগঞ্জের অন্তত ১৫টি গ্রামে আজ বুধবার (২৭ মে) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে এসব এলাকার বেশিরভাগ পরিবার আজ পশু কুরবানি দেননি। তারা আগামীকাল সাধারণ তরিকা পালনকারীদের সঙ্গে মিল রেখে কুরবানি করবেন বলে জানা গেছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই এলাকায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। জামাতে অংশ নিতে সকাল থেকেই শিশু, কিশোর, তরুণ ও বয়োবৃদ্ধদের ভিড় জমে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
শিলই এলাকার পাশাপাশি মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর, আধারা ইউনিয়নের মিঝিকান্দি এবং সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকাতেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এসব এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপনের প্রচলন রয়েছে। তবে কুরবানির ক্ষেত্রে অনেকেই স্থানীয় পরিস্থিতি ও পারিবারিক সুবিধার কথা বিবেচনা করে পরদিন পশু কুরবানি করে থাকেন।





