মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ আহত ৬
1

মুন্সিগঞ্জ, ২৭ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

আজ বুধবার ভোররাত ও সকালে এসব দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাত সোয়া তিনটার দিকে এক্সপ্রেসওয়ের কামারখোলা ব্রিজে ওঠার ঢালে একটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা এক শিশুসহ একই পরিবারের কয়েকজন এবং বাসের কয়েকজন যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গুরুতর আহত ব্যক্তিরা হলেন—পিকআপের যাত্রী সুমন মৃধা (২৪) ও চালক ফুরকান ইসলাম (৪৫)। তাঁদের বাড়ি পিরোজপুর জেলায়।

গাজীপুর থেকে বাসাবাড়ির মালামাল নিয়ে পিকআপটি পিরোজপুরের দিকে যাচ্ছিল। পথে কামারখোলা ব্রিজ এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে চালক পিকআপটি রাস্তার বাম পাশে থামিয়ে মেরামত করছিলেন। এ সময় পিকআপের পেছনে পরিবারের অন্য সদস্যরা দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই মিরপুর থেকে বরগুনাগামী ‘সেইন্টমার্টিন’ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা পিকআপটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের মাওয়াগামী লেনে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিক হয়।

এদিকে সকাল সোয়া ছয়টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাঁও ফিলিং স্টেশনের সামনে মাওয়াগামী লেনে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে চার আরোহী আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, আহতদের মধ্যে সম্পর্কে নানা ও নাতি রয়েছেন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, সকালের দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যানজট এড়াতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে সাময়িকভাবে ছনবাড়ী আন্ডারপাসকে বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা হয়।

বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ