সেনাবাহিনী-বিজিবিকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে মুন্সিগঞ্জের সাইক্লিস্ট আলিফ
মুন্সিগঞ্জ, ১৬ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
দেশের গণ্ডি পেরিয়ে এবার এশিয়ান পর্যায়ে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মুন্সিগঞ্জের সন্তান ও তরুণ সাইক্লিস্ট সাহাদাত হোসেন আলিফ।
গত ১০ জানুয়ারি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত ‘৩য় এশিয়ান রোড সাইক্লিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর বাছাই পর্বে (ট্রায়াল) খাগড়াছড়ি জেলার টিমে অংশ নিয়ে তিনি প্রথম স্থান অধিকার করে মূল প্রতিযোগিতার জন্য কোয়ালিফাই করেছেন।
‘ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়াল’ (ITT) বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নির্ধারিত ২১.৩ কিলোমিটার পথ পাড়ি দিতে আলিফ তার অসাধারণ গতির পরিচয় দেন। ঘন্টায় গড় ৪৩.৯ কিলোমিটার গতিতে সাইকেল চালিয়ে তিনি দেশের সেরা সব প্রতিযোগীদের পেছনে ফেলেন। ১২ জন শীর্ষস্থানীয় সাইকেলিস্টের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ট্রায়ালে লড়াই ছিল অত্যন্ত কঠিন ও তীব্র।
বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মতো সুশৃঙ্খল ও শক্তিশালী বাহিনীর অভিজ্ঞ সাইকেলিস্টদের সাথে টক্কর দিয়ে শীর্ষস্থান দখল করা আলিফের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠারই বহিঃপ্রকাশ।
সাহাদাত হোসেন আলিফের এই অভাবনীয় সাফল্যে গর্বিত হয়েছে মুন্সিগঞ্জের নাম।
এশিয়ান রোড সাইক্লিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাওয়া দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি নতুন মাইলফলক।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, আন্তর্জাতিক এই মঞ্চেও আলিফ সফল হয়ে দেশের এবং বিক্রমপুরের মান উজ্জ্বল করবেন। বর্তমানে এশিয়ান পর্যায়ে মূল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আলিফ পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছেন।


