সিলেটে অ. বিভাগীয় কমিশনার হলেন মুন্সিগঞ্জের ছেলে আশরাফুর রহমান
মুন্সিগঞ্জ, ১২ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ভাসানচর গ্রামের কৃতি সন্তান আশরাফুর রহমান সম্প্রতি সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) পদে পদায়িত হয়েছেন। প্রশাসন ক্যাডারের এই দক্ষ কর্মকর্তার নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শিক্ষক দম্পতি মো. হাবিবুর রহমান ও রত্নগর্ভা নাফিছা বেগম-এর দ্বিতীয় সন্তান আশরাফুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সরকারি বিভিন্ন জেলা ও দপ্তরে অত্যন্ত সততা, নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন।
নতুন দায়িত্বের আগে তিনি ঝালকাঠি জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে সুনাম ও দক্ষতার সাথে কাজ করেছেন। তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ঝালকাঠি জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। জেলা প্রশাসক হিসেবে তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং কর্মঠ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।
নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আশরাফুর রহমান সকলের দোয়া ও শুভকামনা চেয়েছেন।
মুন্সিগঞ্জবাসী তাদের এই কৃতি সন্তানের সাফল্যে অত্যন্ত গর্বিত এবং আশা করেন, তিনি নতুন কর্মস্থলে আরও বৃহত্তর পরিসরে দেশ ও জনগণের সেবায় অবদান রাখবেন।


