সিরাজদিখানে অালোচিত হেলেনা হত্যাকান্ডের রায়
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় আলোচিত হামিদা আক্তার হেলেনা (২৪) হত্যায় অপহরণের মামলায় মোজাম্মেল নামে একজনকে যাবজ্জীবন ও লিঞ্জু বেগম নামে এক নারীকে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাদের দুইজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৩ মাস করে তাদের কারাদণ্ডাদেশ দেন আদালত। মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনালের বিচারক খোন্দকার হাসান মো. ফিরোজ এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, হেলেনা আবিরপাড়া (চোদ্দার বাড়ি) গ্রামের মৃত হাসান ঢালীর মেয়ে। গত ২০১০ সালের মার্চ মাসে একই গ্রামের লিঞ্জু বেগমের সহায়তায় মোজাম্মেলের সঙ্গে পরিচয় হয় হেলেনার। হেলেনার স্বর্ণালঙ্কার দেখে লোভে পড়ে একপর্যায়ে তাকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা করা হয়। এছাড়াও অপহরণের দায়ে হেলেনার ভাই মো. নাজমুল বাদি হয়ে ছয়জনকে আসামি করে মুন্সিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী নির্যাতন মামলা করেন। এ প্রেক্ষিতে হেলেনার ব্যবহার করা মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে সিরাজদিখান থানা পুলিশ মোজাম্মেলকে গ্রেফতার করার পর একে একে সবাইকে গ্রেফতার করা হয়। পরে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।
মামলায় বাদিপক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট অজয় চক্রবর্তী ও আসামীপক্ষে ছিলেন, অ্যাডভোকেট মাহাবুবুর রশীদ সবুজ ও অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম।
মামলার বাদী ও হেলেনার ভাই নাজমুল হোসেন বাংলানিউজকে জানান, ২০১০ সালের দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ঢাকা-৩ আদালত হেলেনা হত্যা মামলায় মোজাম্মেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও লিঞ্জু বেগমকে খালাস দেন।


