প্রয়াত স্বেচ্ছাসেবী সিয়ামের পরিবারের সহযোগিতায় ফের সবুজে সাজছে শনিবাড়ী-ঢালীকান্দি সড়ক
মুন্সিগঞ্জ, ৪ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার শনিবাড়ী থেকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ঢালীকান্দি কাঁচাসড়কের দু’পাশে আবারও শুরু হয়েছে সবুজ ফিরিয়ে আনার উদ্যোগ। দীর্ঘ সাত বছর আগে শুরু হওয়া ‘বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন’-এর ‘ছায়াপথ-১’ প্রকল্প নতুন করে পুনরুজ্জীবিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ২০১৯ সালে ‘ছায়াপথ-১’ প্রকল্পের আওতায় সড়কের দু’পাশে বিপুল সংখ্যক গাছ রোপণ করা হয়েছিল। সময়ের ব্যবধানে সেই গাছগুলোর অনেকগুলো বড় হয়ে আজ পথচারীদের ছায়া দিচ্ছে। তবে রোপণের কিছুদিন পর স্থানীয় কিছু মানুষের অসচেতনতা ও খামখেয়ালিপনার কারণে বেশ কিছু গাছ উপড়ে ফেলা হয়। ফলে সড়কের বিভিন্ন স্থানে শূন্যতা তৈরি হয়।
সেই শূন্যস্থানগুলো পূরণ করতে দীর্ঘ সাত বছর পর আবারও ‘ছায়াপথ-১’ প্রকল্পের আওতায় নতুন করে বৃক্ষরোপণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে সড়কের দুই পাশের সবুজায়ন আরও সমৃদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ফাউন্ডেশন জানায়, এই মহতী উদ্যোগের সম্পূর্ণ কৃতিত্ব সাবেক স্বেচ্ছাসেবী প্রয়াত সিয়াম সরকার-এর পরিবারের। তাদের আর্থিক সহযোগিতা এবং নব রোপিত গাছগুলোর পরিচর্যার দায়িত্ব নেওয়ার কারণেই প্রকল্পটি নতুন প্রাণ পেয়েছে।
সিয়াম ২০২৫ সালের জুলাইতে সড়ক দুর্ঘটনায় মারা যায়।
বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সদস্যরা জানান, ‘ছায়াপথ-১’ প্রকল্পকে পুনরুজ্জীবিত করতে পেরে সংগঠনের সকল সদস্য ও স্বেচ্ছাসেবক আনন্দিত এবং গর্বিত। তারা আশা করছেন, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নব রোপিত গাছগুলো একদিন বড় হয়ে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পথচারীদের ছায়া প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুম সিয়াম সরকারের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তার পরিবারের এই বৃক্ষরোপণ উদ্যোগকে সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।









